আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহুত হরতাল-অবরোধে মানুষ সাড়া দেয়নি। তাই তিনি (খালেদা জিয়া) জনগণের প্রতি আক্রোশ বশে সাধারণ মানুষদের পুড়িয়ে মারছেন। এটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, সরকারের বিরুদ্ধে নয়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর সম্মেলন-২০১৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনের নামে ২০ দলীয় জোট আজকে দেশে যে হত্যাকাণ্ড চালাচ্ছে সেটা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ।

তিনি আরও বলেন, সংকট সমাধান ও আলোচনার নামে সংবিধান পরিবর্তনের ষড়যন্ত্র চলছে। কিছু বুদ্ধিজীবী আছে যারা বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে সন্ত্রাসের বিরুদ্ধে কথা না বলে সংকট সমাধান ও সংলাপের কথা বলছে। এটা কাম্য নয়।

আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশে মক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছেন জিয়াউর রহমান। তার হাত ধরে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির উত্থান হয়। পরবর্তিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের দ্বায়িত্ব নিয়ে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও চেতনাকে ফিরিয়ে আনেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জাহিদুল ইসলাম মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমআর/ এআর