মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রিভিউয়ের রায়কে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং আশপাশ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
কার্যালয়ের সামনে রাখা হয়েছে রায়টকার। যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আইনপ্রয়োগকারী সংস্থাকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে দেখা গেছে। তবে বিএনপি কার্যালয়ে প্রবেশ বা বের হওয়ার ক্ষেত্রে কোনো ধরণের বাধানিষেধ নেই।
কাকরাইলের নাইটেঙ্গেল মোড়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং ফকিরাপুল মোড় পর্যন্ত বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের রিভিউ রায়কে কেন্দ্র করে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এমএইচ





