বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে ইন্টারপােলের রেড এলার্ট জারিকে সরকারের দৃষ্টিভঙ্গির বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে যৌথসভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইন্টারপোলের সদস্য দেশ হিসেবে তারা সেই ব্যাক্তির নামে রেড এলার্ট জারি করতে পারে। তবে এই রেড এলার্ট বিশেষ কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, দুই মাস ধরে নিখোঁজ থাকা দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের বিষয়ে তাঁর প্রকৃত অবস্থা জানার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। দলটি কোনো ধরনের নিষ্ঠুর আচরণ না করে সালাহ উদ্দিনকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের সহায়তা কামনা করেছে।
বিএনপি দাবি করে আসছে, দুই মাস আগে উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, সালাহ উদ্দিন র্যাবের কাছে আছেন। দুই মাস নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার ভারতের মেঘালয়ে পাওয়া যায় সালাহ উদ্দিনকে। তাঁর হদিস মেলার পর থেকে বিএনপি অনেকটা চুপ রয়েছে।
বিএনপি চুপ কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, বিএনপি নিশ্চুপ নয়, কৌশলগত দিক আছে। সালাহ উদ্দিন নিজেও এখনো অনেক বেশি আতঙ্কগ্রস্ত।
সরকারে উদ্দেশে তিনি বলেন, ‘সালাহউদ্দিনকে নিয়ে কোনো নিষ্ঠুর ও নির্দয় মন্তব্য না করে তাঁকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে যথাযথ ব্যবস্থা ও সহায়তা করুন। তারা (সরকার) মানবিক আচরণ করবেন বলে আমরা প্রত্যাশা করি।’
এরপর অবশ্য আসাদুজ্জামান রিপন বলেন, মোহাম্মদ শাহজাহান কৌশলগত শব্দটি বলতে চাননি। কোনো কৌশল নয়, তাঁরা চান আগে সালাহ উদ্দিন ফিরে আসুন। সালাহ উদ্দিনের প্রকৃত অবস্থা জানা দরকার। তাঁর পরিবারের সদস্যরা দ্রুত মেঘালয়ে যাবেন। তখন তাঁর প্রকৃত অবস্থা জানা যাবে। এরপর বিএনপি বক্তব্য দেবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আমরা সরকারের সহযোগীতা অবশ্যই চাই। আমরা চাই মানবিক কারনে যত দ্রুত সম্ভব সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক।
এমএইচ/এএইচ





