আজকের কাগজে দেখলাম খালেদা জিয়া অর্থের অভাবে বাড়ি ভাড়া দিতে পারছেন না। এটা তার (খালেদা) অপ-প্রচার,মিথ্যাচার ও জাতিকে বিভ্রন্ত করা ছাড়া কিছুই না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টারস ইউনিটের বীরউত্তম খাজানিজামুদ্দিন মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান মাহমুদ বলেন,এরশাদ সরকারের কাছ থেকে খালেদা জিয়া মাত্র ১ টাকার বিনিময়ে তৎকালীন গুলশান এলাকার ৩৮ কাঠার সবচেয়ে বড় প্লটটি নিয়েছিলেন। সেখান থেকে তিনি মাসে কমপক্ষে ১০ লক্ষ টাকা ভাড়া পান। তার ছেলে তারেক রহমান লন্ডনের সবচেয়ে অভিজাত এলাকায় ভাড়া থাকেন। দামি গাড়িও ব্যবহার করেন। অথচ তার মা ঘর ভাড়া দিতে পারেন না, এটা জাতির সঙ্গে মশকরা করা ছাড়া কিছুই না।
তিনি বলেন,৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশের স্থিতিশীলতা রক্ষা করতে বদ্ধ পরিকর। নৈরাজ্য প্রতিরোধে সরকার কঠোর পদক্ষেপ নিবে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে চরম মূল্যে দিতে হবে।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই তারা আবার সহিংসতা শুরু করবে। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ ভাবে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সংগঠনের সহ-সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি শিরিন নাঈম পুনম,সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী,আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়,বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা,এমআর,৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]