খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এদেশের মাটিতে যখন যেটা ফলানো হয় তখন সেটা হয়। আর এর কারিগর কৃষক ভাইয়েরা। এই জন্য সরকার কৃষিকে গুরুত্ব দিয়েছে। বিনামূল্যে প্রতিবছর সার, বীজসহ কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে।
আজ ১৯ ফেব্রুয়ারি (রোববার) বেলা ১১টায় নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের ফুটকইল থেকে খেড়ন্দা পর্যন্ত এইচবিবি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। কৃষির উন্নয়ন দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করবে।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন যেকোনো সূচকে বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সব ক্ষেত্রই বিশ্বে বাংলাদেশ এক বিস্ময়ের নাম।
এ সময় সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এবিএস





