তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার এরকম কোন কিছুই গঠিত হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
তিনি আরও বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনে আসে না, বরং নির্বাচনকে ভয় পায়।
শনিবার (১৮ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মধুপুর পৌরসভা মিলনায়তনে করোনায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও দুঃস্থ জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন। মধুপুর পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর বাসস’র।
কৃষিমন্ত্রী বলেন, ক্ষমতায় আসতে হলে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে জয়ী হয়েই আসতে হবে। নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার এরকম কোন কিছুই গঠিত হবে না।
আব্দুর রাজ্জাক আরও বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন; খাদ্য সহায়তা দিয়েছেন; তা সারা বিশ্বে নজিরবিহীন। প্রধানমন্ত্রী সকল শ্রেণি-পেশার অসহায় মানুষকে জিআর, ২০ টাকা কেজিতে চাল, ৩০ টাকা কেজিতে ওএমএস চালসহ নানান সাহায্য ও সহযোগিতা দিয়েছেন।
অনুষ্ঠানে পৌরসভার মেয়র মো: সিদ্দিক হোসেন খানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন, সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহম্মেদ নাসির প্রমুখ বক্তব্য রাখেন।
এমবি





