আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, হলমার্ক, ডেসটিনি ও সোনালী ব্যাংকের পর গতকাল (বৃহস্পতিবার) পত্রিকায় দেখলাম বেসিক ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। অব্যহতভাবে এসব অর্থ কেলেঙ্কারি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থমন্ত্রণালয় কি করছে তা আমার বুঝে আসে না। অর্থমন্ত্রীকে কিছু বললে তো রক্ষা নেই। রাবিস-রুবিস বলে একেবারে শেষ করে দেবেন।
শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, বেসিক ব্যাংকের এমডি ও চেয়ারম্যানকে জামাই আদরে রাখা হয়েছে। এসব হোতাদের আজও গ্রেপ্তার করা হয়নি। আমি মনে করি খুব দ্রুত বেসিক ব্যাংকের এমডি ও চেয়ারম্যানের ব্যাংক একাউন্ট সিস করে তাদের গ্রেপ্তার করা প্রয়োজন।
এসব না করে আপনারা তদন্ত করছেন। এর পর গ্রেফতার করবেন। তদন্ত শেষ হতে হতে এই টাকা কোথায় যাবে তা আর কেউ খুজে পাবে না। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের কাছে দেশ ও জাতি এমনটি আশা করে না।
ঢাকা- ৭ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচান সভায় আরও উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, যুবলীগ নেতা মিনহাজ উদ্দিন, প্রমুখ।
ঢাকা, এমআর, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





