১৪ দলের শরিকরা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ‘সৈয়দ আশরাফুল ইসলাম’- এর শোকসভায় এ কথা জানান তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দলের শরিকরা সংসদের ভিতরে ও বাইরে অনানুষ্ঠানিকভাবে সরকারের যে কোনো কার্যক্রমের সমালোচনা করবে। এ দেশে সরকার চলবে মুক্তিযুদ্ধের চেতনায়। আর বিরোধী দলও থাকবে মুক্তিযুদ্ধের চেতনায়।

আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা নির্বাচনে ১৪ দলের শরিকরা আলাদাভাবে অংশ নেবে। এ নির্বাচন জোটবদ্ধভাবে করার কোনো সুযোগ নেই।

বিএনপির সমালোচনা করে ১৪ দলের মুখপাত্র বলেন, নির্বাচনে বিএনপির ব্যর্থতার জন্যে অন্যকে দায়ী করলে হবে না। আপনারা পার্লামেন্টে গিয়ে ব্যর্থতার কথা বলেন। বিএনপি পার্লামেন্টে না যাওয়ার সিদ্ধান্ত কতদিন থাকবে জানি না। তারা অভিমান করে হয়তো প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চায়ের দাওয়াতে যাবেন না, তবে পার্লামেন্টে যাবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে তোষামোদকারীদের সরিয়ে দেয়ার অনুরোধ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।