জাতীয় সংসদ অধিবেশনে বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করার মাসুল বর্তমান সরকারকে দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির  নেতা  এই হুঁশিয়ারি দেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, কোন ভদ্র লোকের মুখে এ ধরনের বক্তব্য শোভা পায় না। সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী প্রসঙ্গে এই কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বর্তমান অবৈধ সরকারকে তার মাসুল গুনতে হবে।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের ওপর নির্ভর না করে গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর করে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করছে। এতেই প্রমাণিত হয় তারা রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেছে।
সমাবেশে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, এই স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।
দুদকের সমালোচনা করে ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, পুরাতন মিথ্যা মামলা নাড়াচাড়া করে দুদক বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে যাচ্ছে। তারা সরকারের ইশারায় কাজ করছে।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলী রেজাউর রহমান রিপন সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// জেআই[/b]