পবিত্র হজ্জ, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলীগ জামায়াত সম্পর্কে আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর আপত্তিকর মন্তব্যের জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তির জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই শাস্তির দাবি জানান।
ডা. শফিক বলেন, আবদুল লতিফ সিদ্দিকী পবিত্র হজ্জ, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলীগ জামায়াত সম্পর্কে অসংযত, আপত্তিকর মন্তব্য করে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। তিনি সারা বিশ্বের মুসলমানদের ঈমান আক্বিদা ও ধর্মীয় বিশ্বাসের প্রতি যে আঘাত দিয়েছেন তা ক্ষমার অযোগ্য। তার এ মন্তব্যে বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণ বিক্ষুব্ধ, উত্তেজিত ও মর্মাহত। সারা বাংলাদেশের মুসল্লীগণ লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সরকার আবদুল লতিফ সিদ্দিকীকে বিচারের আওতায় না এনে তাকে নিয়ে রাজনীতি শুরু করেছে।
তিনি বলেন, সরকার যশোর, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলমানদের বিক্ষোভ মিছিলে গুলি চালিয়ে ও গ্রেফতার করে প্রকারান্তরে জনাব আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষ অবলম্বন করেছে। আবদুল লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কের যে সভায় ইসলাম বিরোধী বক্তব্য রেখেছেন সেখানে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা কেউই ওই বক্তব্যের প্রতিবাদ জানাননি। বরং আবদুল লফিত সিদ্দিকীর বক্তব্যে তাদের উল্লসিত হতে দেখা গিয়েছে। সুতরাং ধর্মীয় অনুভূতিতে আঘাতের এ বক্তব্যের দায়-দায়িত্ব আওয়ামী লীগকেও বহন করতে হবে।
ইসলাম বিরোধী বক্তব্যের জন্য আবদুল লতিফ সিদ্দিকীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে জনগণের ধর্মীয় আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
কেএইচ





