গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র একমাত্র মূলনীতি হিসেবেই আছে। তবে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের জন্যই অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
প্রস্তাবিত বাজেট ও বর্তমান পরিস্থিতির উপর গণফোরামের উদ্যোগে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার দরকার তা তো জানা আছে জনগণের। সংঘবদ্ধ হতে হয়। ঐক্যবদ্ধ হতে হয়। মৌলিক ব্যাপারে সাড়ে সাত কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে অতীতে আমরা অসম্ভবকে সম্ভব করেছি। এখন ১৬ কোটি মানুষ যদি দাঁড়িয়ে বলে আমরা এদেশটার মালিক তাহলে কি উপেক্ষা করতে পারবে কেউ? মৌলিক ব্যাপারে দেশের জনগণের মধ্যে কোনো অনৈক্য নেই।
ড. কামাল হোসেন বলেন, প্রতিনিধিত্বশীল গণতন্ত্র হলেই দেশে যারা ভোটার তারা নির্বাচিত করবেন কারা নির্বাচিত হবেন, কারা তাদের কথা সংসদে বলবেন, সংসদ সদস্য হবেন। দেশে একশত লোকের একশ ভাগই বলবে অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার। জনগণ বলবে আমরাই মালিক, কিন্তু আমাদের উপেক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, এজন্য এখনও অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সবাই সোচ্চার। দেশে একটি নির্বাচনের কথা বলা হচ্ছে। আমরা সবাই বলছি অবশ্যই এটার প্রয়োজন আছে। কিন্তু সেটি হতে হবে অবাধ নিরপেক্ষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অন্যদের মধ্যে পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ জগলুল হায়দার আফ্রিক, আওম শফিক উল্লাহ, মোশতাক আহমদ, সাইদুর রহমান সাইদ, ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমবি





