বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে না। তার কিছু হলে সরকারকে জবাবদিহি করতে হবে। সরকার দায় এড়াতে পারবে না।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগকে স্মরণ করে দিতে চাই, গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। কিন্তু বেশিদিন টিকে নাই। বাকশালের খেসারত দিতে গিয়ে ২১ বছর তাদের এতিম হিসেবে রাস্তায় ঘুরতে হয়েছে। আমি তাদের হুঁশিয়ার করে দিতে চাই, এখন অলিখিত বাকশাল পরিচালিত করছেন। এবার যখন আপনাদের বিদায় হবে, শুধু ২১ বছর কেন, ৩২১ বছর রাস্তায় রাজনৈতিক এতিম হয়ে ঘুরতে হবে।’

ড. মোশাররফ বলেন, খালেদা জিয়াকে জামিন দেয়া হোক। যাতে তিনি তার সুবিধামতো স্থানে চিকিৎসা নিতে পারেন। যদি জামিন দেয়া না হয়, আর পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতাল অথবা কারাগারে যদি দেশনেত্রীর কোনো ক্ষতি হয়, তবে এর সব দায়িত্ব সরকারকে বহন করতে হবে। সরকারকে এর জবাব দিতে হবে।

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

এএস