বিএনপির আশু কাউন্সিল বানচাল করতেই সরকারের মদদে দুষ্কৃতিকারীরা কার্যালয়ের সামনে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী।
সোমবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, সামনে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। আর এই কাউন্সিলকে সামনে রেখে সরকারের মদদে ছাত্রদল নামধারী কিছু দুষ্কৃতিকারী এ হামলা চালিয়েছে।
‘কাউন্সিল যাতে সুষ্ঠুভাবে না করা যায় এবং তা বাধাগ্রস্ত করতে এ ধরনের হামলা চালানো হয়েছে। এর পেছনে সরকারের মদদ রয়েছে।’
সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাস্থলের কাছেই পুলিশ ছিল। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এভাবে ভাঙচুর-অগ্নিসংযোগ চালালেও তাদের ভূমিকা ছিল রহস্যজনক। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিলে দুষ্কৃতিকারীরা হামলা চালাতে পারতো না।
এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন বিএনপির এই নেতা।
এর আগে বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সদ্য ঘোষিত কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীরা।
ওই সময় কার্যালয় ও এর সামনে ছাত্রদলের কমিটির পদধারীরাও জড়ো হলে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে উত্তেজিত ছাত্রদল নেতারা কার্যালয়ের সামনে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং কার্যালয়ে ইট-পাটকেল ছোঁড়েন।
তখন কার্যালয়ের সামনে রাখা তিনটি মোটরসাইকেল ও দু’টি ভাসমান চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে বিএনপি কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের কার্যালয়েও আগুন ধরিয়ে দেন পদবঞ্চিতরা।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এসএইচ





