ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেলের চালককে ছেড়ে দিতে বললে তা না শোনায় নড়াইলে ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামানকে পিটিয়ে আহত করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান। আহত পুলিশ কর্মকর্তাকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। মাথাসহ দুই হাতে গুরুতর আহত পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রাত ১০টার দিকে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় পুলিশের পক্ষ থেকে যানবাহনের কাগজপত্র দেখা হচ্ছিল। এ সময় কাগজপত্রবিহীন মোটরসাইকেলসহ এক যুবককে আটক করে পুলিশ।

বিষয়টি ওই যুবক মোবাইল ফোনে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ছাত্রলীগ নেতা তোফায়েল মাহমুদ তুফানকে জানালে তুফানসহ তার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সাথে ঔদ্ধত্বপূর্ণ আচরণ করেন। এক পর্যায়ে তোফায়েল মাহমুদ তুফানসহ তার লোকজন চেরাই কাঠ দিয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মনিরুজ্জামানকে বেধড়ক মারধর করেন।

এ ঘটনায় পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানের মাথা ও দুই হাত গুরুতর আহত হয়েছে।
এছাড়া ট্রাফিক সার্জেন্ট শাহ জালাল, এটিএসআই সরোয়ার আলম এবং একজন কনস্টেবল সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তুফান ও অজ্ঞাত আরো কয়েকজনের নামে মামলা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন এসব তথ্য জানান।

এএস