স্বৈরাচারী সরকারকে হটাতে আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, গণআন্দোলন শুরু হবে। তখন অন্যায় টিকবে না। ন্যায়ের বিজয় হবেই।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ফ্রি থিংকারস ফোরাম আয়োজিত ‘গাজায় ইসরাইলী বর্বরতা: নীরব বিশ্ব বিবেক’ শীর্ষক  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হান্নান শাহ বলেন,  ইসরাইল  ফিলিস্তানীদের উপর ট্র্যাক, বিমান হামলা চালিয়ে গণহত্যা করছে । অন্যদিকে আওয়ামী সরকার র‌্যাব-পুলিশ দিয়ে গুলি করে মানুষ হত্যা করছে।

তিনি বলেন, সরকার বাকশাল কায়েম করতে তৎপর। বাকশাল কায়েম করতে সব রকমের কার্যক্রম করছে। প্রধানমন্ত্রীর কথায় প্রমানিত হয়েছে দেশে গণতন্ত্র নেই। তিনি বলেছেন, আমরা এখন গণতন্ত্র নিয়ে ভাবছি না। এখন উন্নয়ন নিয়ে ভাবছি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগ জনগনের নিকট  ভোট ডাকাতির দল হিসেবে পরিচিত। বঙ্গবন্ধু নিজেই জনগণের ভোটের অধিকার বঞ্চিত করেছে। আওয়ামী লীগ আর কিছু করতে না পারলেও জনগণকে ভোটের অধিকার থেকে বারবার বঞ্চিত করতে পেরেছে।

প্রধানমন্ত্রীকে খেলার মাঠে এগারজন সদস্য নিয়ে খেলার আহবান জানিয়ে বলেন, আইনশঙ্খলা বাহিনী বাদ দিয়ে আসেন। আমাদের জার্সি বুট সবই থাকবে আপনাদের ঠিকানা থাকবে না।

ইসরাইল থেকে ভারত অস্ত্র ক্রয় করে। তারা এক অপরের মিত্র। চোরে চোরে মাসতুত ভাই। এর সাথে যোগ হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। এ জন্যই ভারত ৫ জানুয়ারীর  ভোটার বিহীন নির্বাচনকে সমার্থন দিয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ।

ঢাকা, এমএইচ, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই,এসএইচ