বিএনপিকে খোলা মনে সিটি নির্বাচনে অংশগ্রহণ করার আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ছল-চাতুরীর মাধ্যমে সিটি নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করবেন না।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ ও মুক্তিযোদ্ধা চিকিৎসক ইউনিট কমান্ড যৌথভাবে আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।
এ সময় হরতাল প্রত্যাহার করায় বিএনপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে, অবরোধ প্রত্যাহারের মাধ্যমে বিএনপিকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহবান জানান খাদ্যমন্ত্রী।
নির্বাচনে বিএনপির লেভেল প্লেয়িংফিল্ডের দাবি প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, ‘ভদ্রলোকদের জন্য নির্বাচনে লেভেল প্লেয়িংফিল্ড থাকবে। কিন্তু যারা সন্ত্রাসী, মানুষ পুড়িয়ে মারে তাদেরকে অবাধে চলাফেরা করতে দেওয়ার নাম লেভেল প্লেয়িংফিল্ড নয়।’
আয়োজক সংগঠনের সভাপতি ডা. সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান,আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
ইআর





