মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে হেফাজতের ইসলামের সংশ্লিষ্টতা নিয়ে কয়েকটি মিডিয়ায় প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যমূলক দাবী করে সংগঠনটির আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, এর মাধ্যমে দেশের ধর্মপ্রাণ জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরি করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ও আত্মশুদ্ধিমূলক আধ্যাত্মিক সংগঠন। তিনি মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি দাবী করেন, এই সংগঠন দেশে শান্তি-শৃঙ্খলা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা হত্যা-সন্ত্রাস-খুন-রাহাজানি-জুলুম-নির্যাতনে বিশ্বাস করি না। এটা ইসলামের মৌলিক আদর্শের পরিপন্থি। হেফাজতে ইসলাম মহানবী (স.)-এর সুন্নাহ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এদেশের আলেম-ওলামা কোনো অন্যায় কিংবা সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করার মতো আইন বিরোধী কাজে জড়িত নয়। তাই মাওলানা ফারুকী হত্যাকাণ্ডের সঙ্গে হেফাজতে ইসলামকে জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।

আল্লামা শফী বলেন, একজন আলেম হত্যার ঘটনায় দেশের মানুষ গভীরভাবে মর্মাহত। সুতরাং এই নির্মম হত্যাকান্ডের জড়িতদের বের করে আইনের আওতায় না আনা পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে দায়ী করে প্রকৃত খুনিদের আড়াল করা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমএইচ