২০ দলের চলমান অবরোধ ও টানা ৭২ ঘন্টা হরতালের শেষদিনে রাজধানীর বাড্ডায় এবং পল্টনে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর এবং পূর্বের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ১০টায় মহানগরী উত্তরের দপ্তর সম্পাদক আশিকুর রহমান আসিফের নেতৃত্বে বাড্ডার নতুনবাজার এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে শিবিরকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে রাজপথ অবরোধ করে হরতালের সমর্থনে পিকেটিং করে। এ সময় রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় মিছিল ও পিকেটিং এ অন্যান্যের মধ্যে বাড্ডা দক্ষিণ থানা শিবির সভাপতি, খিলক্ষেত থানা সভাপতি, গুলশান থানা সভাপতি, ভাটারা থানা সভাপতিসহ স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সকাল ১১ টায় রাজধানীর পল্টনে হরতালের সমর্থনে মিছিল পিকেটিং করে ২০ দলীয় জোট পল্টন থানা।মিছিলটি নাইটএ্যাঙ্গেল মোড় থেকে শুরু হয়ে বিজয় নগরে শেষ হয়, এসময় কয়েকটি গাড়ী ভাংচুর করে ২০ দলের বিক্ষুব্ধ কর্মীরা।
পরে ঘটনাস্থলে পুলিশ আসলেও কাউকে আটক করতে পারেনি।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর ২০ দলীয় জোট নেতা ড. এ্যাড. হেলাল উদ্দিন। মিছিলে আরো উপস্থিত ছিলেন আলমীর হোসেন, আব্দুস সাত্তার সুমন, ছাত্রনেতা এস আর মিঠু, এম বাবু, আবুল হাসেম, নুরুল ইসলাম, মিজান সহ বিশ দলের নেতা-কর্মীরা।
ইআর





