বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, সরকার বিরোধী দল নির্মূলের গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর নায়েবে আমীর আব্দুল হালিমকে গ্রেফতার করে রিমান্ডের নামে নির্মম ও নিষ্ঠুরভাবে নির্যাতনের ষড়যন্ত্র করছে।
তিনি আজ রাজধানীতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর নায়েবে আমীর আব্দুল হালিমকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে এবং রিমান্ড বাতিল করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে একথা বলেন।
মিছিলটি রামপুরা ব্রিজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কবির আহমদ ও ড. মু. রেজাউল করিম, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য অধ্যাপক আ জ ম কামাল উদ্দীন, সালাহউদ্দীন, নাজিম উদ্দীন মোল্লা, ছাত্রবিশিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি তামির রাইয়্যান ও পূর্বের সেক্রেটারী শামীম আহমদ প্রমূখ।
সেলিম উদ্দীন বলেন, মাওলানা আব্দুল হালিম শুধু একজন বরেণ্য রাজনীতিক নন বরং একজন বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ।
তিনি অতি নিরীহ ও নিরাপরাধ মানুষ। দেশের কোন থানায় তার বিরুদ্ধে কোন মামলা নেই। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
মূলত সরকার দেশ থেকে ইসলাম ও ইসলামী মূল্যবোধ ধ্বংস করতেই কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের অন্যায়ভাবে গ্রেফতার করে দীর্ঘ দিন কারারুদ্ধ করে রেখেছে।
সরকার বিরোধী দল নির্মূলের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এই বরেণ্য আলেমকে গ্রেফতার করেছে। কিন্তু জাতীয় নেতৃবৃন্দ ও বরেণ্য রাজনীতিকদের সরকারের এই ন্যাক্কারজনক ষড়যন্ত্র ও নির্মমতা জনগণ কখনোই মেনে নেবে না।
তিনি সরকারকে ষড়যন্ত্র ও অপরাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন। অন্যতায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে শীর্ষ নেতৃবৃন্দকে মুক্ত করা হবে।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





