ইসির বৈঠকে পুলিশকে জানোয়ার বলেছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেছেন, “ওই অর্থে তো বলেনি। তারা মানুষ হিসেবে ভূমিকা রাখবে, আমরা সেটা আশা করি। বলেছি, পুলিশ নিরপেক্ষ ভূমিকা রাখবে। আমরা তো পুলিশের প্রশংসাও করেছি।”

গতকাল ইসির সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠককালে ড. কামাল হোসেন পুলিশকে জানোয়ার বলেন বলে অভিযোগ উঠে। এই বিষয়ে আজ (২৬ ডিসেম্বর) বুধবার দুপুরে মতিঝিলে নিজের চেম্বারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।  

পুলিশের প্রশংসা করে ড. কামাল আরও বলেন, আমার বাসা রাজারবাগ। ২৫ মার্চ রাতে আমি দেখেছি রাজারবাগ পুলিশ লাইন থেকে জয় বাংলা রণধ্বনিতে পুলিশ কীভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে।  

পুলিশ কেন এসেছিল জানতে চাইলে ড. কামাল বলেন, “পুলিশ এসেছিল কারণ তারা আমার নিরাপত্তার বিষয়ে খুবই উদ্বিগ্ন। তারা জানতে চেয়েছেন, যদি আপনার নিরাপত্তা প্রয়োজন হয়, সেটা আমাদের জানালে সেভাবে নিরাপত্তার ব্যবস্থা করবো। আপনি বাড়িতে যাওয়ার সময় নিরাপত্তার প্রয়োজন হলে সেই নিরাপত্তাও আমরা দিতে পারি।”

ডিএমপি কমিশনারের সঙ্গে ফোনে কী কথা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “তিনি দুঃখ প্রকাশ করেছেন। কারণ, তারও আসার কথা ছিল।”

আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কী- এমন প্রশ্নের উত্তরে ড. কামাল বলেন, “আশঙ্কা তো অবশ্যই হচ্ছে। কারণ, সারাদেশে ধরপাকড় চলছে। জেলায় জেলায় ফোন করে বলা হচ্ছে, প্রার্থীদের ওপর হামলা ও আটক করা হচ্ছে। এটা অস্বাভাবিকভাবে হচ্ছে।”

নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা দেখছেন কিনা- জানতে চাইলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, “আশা তো আমরা সব সময়ই করবো। কিন্তু আশঙ্কাও আছে। কারণ, যেভাবে হামলা ও গ্রেফতার করা হচ্ছে।”

কারচুপি হলে নির্বাচনে শেষ পর্যন্ত ঐক্যফ্রন্ট থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, “আমার কথা ধরে রাখতে হবে। ওরা যেন না বলতে পারে সরে গেছে। এটা আমাদের অধিকার। আমাদের অধিকার থেকে কেন আমরা সরে যাবো। যদি শেষ পর্যন্ত অসম্ভব করে দেয় তখন মানুষজন দেখবে, তারা অসম্ভব করে দিয়েছে।”

নির্বাচনের ফলাফল ঐক্যফ্রন্ট মানবে কিনা- জানতে চাইলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, “পরিস্থিতি দেখে এর উত্তর দেওয়া যেতে পারে।”

এমবি