অবৈধ সরকারের সৃষ্ট কুশাসনের করাল গ্রাস থেকে কেবল দেশের রাজনৈতিক নেতা-কর্মীই নয় দেশের সম্মানীত বিশিষ্টজনরাও রেহাই পাচ্ছেন না মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এইভাবে হত্যালীলা চালিয়ে দেশব্যাপী রক্তপাত ঘটানোর জন্য সরকারকে একদিন চরম ভয়াবহ পরিনতি ভোগ করতে হবে।
চ্যানেল আইয়ের অনুষ্ঠানের উপস্থাপক শাইখ কাজী নুরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান অবৈধ সরকারের আমলে দেশের মানুষ আর নিরাপদ নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং ক্ষমতাসীনদের হিংসাত্মক কার্যকলাপের কারণে বৃদ্ধি পাওয়া অপহরণ আর লাশের মিছিলের ভয়াবহ বাস্তবতায় দেশের আপামর জনসাধারণ সবসময় আতঙ্কগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে।
বিবৃতিতে তিনি দাবী করেন গতরাতে বিশিষ্ট আলেম শাইখ কাজী নুরুল ইসলাম ফারুকীকে হত্যার মধ্য দিয়ে আরেকবার প্রমান হলো যে, এই দেশে খুনের রাজত্ব কায়েম হয়েছে। দেশবাসী এমন একটা নৈরাজ্যকর থমথমে পরিবেশে বসবাস করছে যেখানে পরিবার-পরিজন নিয়ে একজন দ্বীনি আলেমকেও দুস্কৃতকারিদের হাতে জীবন হারাতে হয়।
তিনি অভিযোগ করে বলেন, সরকারের পৃষ্ঠপোষকতা আছে বলেই গুম, খুন ও অপহরণকারীরা ঘটনা ঘটিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। সারাদেশে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্য নিয়েই সরকার ইচ্ছাকৃতভাবেই প্রশ্রয় দিচ্ছে সন্ত্রাসী গডফাদার ও দুস্কৃতকারিদের যাতে অরাজক ও ভীতিকর পরিস্থিতি বিদ্যমান রেখে অবৈধভাবে দখল করা ক্ষমতা টিকিয়ে রাখা যায়। কারণ অবৈধ ক্ষমতা ধরে রাখতে নৈরাজ্য ও দু:শাসনের বিকল্প নেই।
বিএনপি চেয়ারপার্সন অবিলম্বে কাজী নুরল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি দুস্কৃতকারীদের হাতে নিহত ফারুকীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।
ঢাকা, এমএইচ, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম





