শুক্রবার রাতে গুলশান-২ এর একটি স্প্যানিস রেস্টুরেন্টে একদল সন্ত্রাসীর সশস্ত্র হামলা এবং উপস্থিত দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করার ঘটনার নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, "গতকাল গুলশানের হোলি আর্টিজান রেষ্টুরেন্টে অতর্কিত হামলা করে এক দল সন্ত্রাসী। হামলার এক পর্যায়ে তারা রেষ্টুরেন্টে অবস্থানরত দেশ-বিদেশী নাগরিকেদের জিম্মি করে। জিম্মিকৃত নাগরিকদের উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ইতিমধ্যে বনানী থানার ওসি সালাউদ্দিন এবং গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত হয়েছেন।
এই সন্ত্রাসী হামলা মোকাবেলা করতে গিয়ে অনেক নিরাপপ্তা বাহিনীর সদস্যরা মারাত্বক আহত হয়েছেন। এখনো জিম্মিকৃতদের পুরোপুরি উদ্ধার সম্ভব হয়নি। আমরা এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে, জিম্মি হওয়া দেশি-বিদেশী নাগরিকদের জীবন নিয়ে গভীর ভাবে উদ্বেগ প্রকাশ করছি।
নেতৃবৃন্দ বলেন, নি:সন্দেহে এই হামলা জাতীয় নিরাপত্তা ব্যাবস্থার জন্য অনেক বড় হুমকি। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বীরত্বের সাথে পরিস্থিতি মোকাবেলা করবে এবং অচিরেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে জিম্মিকৃত নাগরিকদের উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন।
এই সমস্যা কোন দলের বা গোষ্ঠীর নয় বরং গোটা জাতির। সুতরাং আমরা আশা করবো, সরকার এমন দূরবস্থায় বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ঐক্যবদ্ধভাবে সমস্যার মোকাবেলায় এগিয়ে যাবে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশে চলমান সংকট উত্তরণে সচেষ্ট হবে।"
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমানও এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এমই





