বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, জাতি একটি স্বপ্নিল সোনার বাংলাদেশ দেখার অধির আগ্রহ নিয়ে দিন যাপন করছে।

আর সেই সোনার বাংলা নৈতিকতাহীন নেতৃত্ব দিয়ে সম্ভব নয়। তাই মেধা ও নৈতিকতার সমন্বয়ে স্বপ্নিল বাংলাদেশ গড়তে মেধাবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আজ রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শাখা সভাপতি এম শামিমের সভাপতিত্বে ও সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারক হোসেন, সমাজসেবা সম্পাদক রাশেদুল হাসান রানা।

সেক্রেটারী জেনারেল বলেন, বৈষ্যম্যহীন সুখি সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন বুকে ধারণ করে ছাত্রজনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছিল। জাতি প্রাকৃতিক সম্পদ, মেধা ও মানবসম্পদে ভরপুর একটি দেশ পেয়েছে। কিন্ত সোনার বাংলার স্বপ্ন এখনো পূরণ হয়নি।

বরং অনৈতিক নেতৃত্বের অপশাসনে সেই স্বপ্ন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। দেশের সম্পদ সঠিক ভাবে কাজে লাগানো হচ্ছে না। জনশক্তিকে সম্পদে পরিণত না করে বোঝা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আর মেধাবীদের মেধা বিকাশের পর্যাপ্ত সুযোগ না দিয়ে অবমূল্যায়ন করা হচ্ছে। নানা ভাবে মেধাবীদের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। যার সরাসরি প্রভাব পড়ছে তাদের আত্মগঠনের উপর। বিশেষ করে মেধাবীদের নৈতিকতা সম্পন্ন করে গড়ে তোলার তেমন কোন প্রচেষ্টাই নেই রাষ্ট্রের পক্ষ থেকে।

এটা স্পষ্ট যে আমাদের পেছনে পরে থাকার প্রধান কারণ মেধা বা সম্পদের অভাব নয় বরং অভাব নৈতিকতা সম্পন্ন মেধাবী নেতৃত্বের। মেধাহীন নৈতিকতা যেমন জাতির জন্য কিছইু করতে পারেনা তেমনি নৈতিকতাহীন মেধাও জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনা। বরং অভিশাপে পরিনত হয়। যা জাতি হারে হারে টের পাচ্ছে।  

তিনি আরও বলেন, জাতির স্বপ্ন পূরণ হয়নি কিন্তু স্বপ্ন শেষও হয়ে যায়নি। আজকের মেধাবীদের মাঝে জাতি তাদের স্বপ্নের সোনার বাংলার বাস্তবায়ন দেখতে চায়। সুতরাং মেধাবীরা যদি মেধা নৈতিকতার সমন্বয় সাধনের মাধ্যমে দৃঢ় সিদ্ধান্ত নেয় তাহলে অচিরেই তা বাস্তবায়ন সম্ভব।

আর মেধা ও নৈতিকতার সমন্বয় সাধন করতে আল কুরআনের আলোকে জীবন গঠন ছাড়া আর কোন বিকল্প নেই। ছাত্রশিবির জাতির প্রত্যাশা পূরণ ও প্রতিটি মেধাবীকে দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার যোগ্য হিসেবে গড়ে তুলতে সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছে সামনের দিনগুলোতেও মেধাবীদের পাশে থাকবে।

এসএইচ