নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ভোটও চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনিসুল হক।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কড়াইল বস্তি, গুলশান পার্ক, বারিধারা লেক পার্ক, উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ, উত্তরা ক্লাব এবং ট্রাস্ট মিলনায়তনে নববর্ষ উপলক্ষে আয়োজিত কয়েকটি বর্ষবরণ অনুষ্ঠানে যান তিনি। সেখানে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ভোট চান আনিসুল হক।
সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে দিনের কর্মসূচি শুরু করেন আনিসুল হক। সকাল পৌনে ১০টার দিকে তিনি মহাখালীর কড়াইল বস্তির পল্লীবন্ধু এরশাদ বিদ্যালয়ে বাচ্চাদের একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যান। এ সময় তিনি তাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের করেন। তারা কী আঁকছে দেখার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কড়াইল বস্তিতে নাগরিক সমস্যা জানতে চাওয়ার কথা উল্লেখ ছিল। তবে সেখানে তাঁকে কারও সঙ্গে কথা বলে নাগরিক সমস্যার কথা জানতে চাইতে দেখা যায়নি। তবে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, এ বস্তিতে পানি, শিক্ষা ও টয়লেট সুবিধা ইত্যাদি নিয়ে অনেক কাজ করার রয়েছে। সরকার যতটুকু পারছে করছে, তবে আরও বেশি করার আছে।
একই সময় গণমাধ্যমের একজন কর্মীর প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, নির্বাচনী প্রচারণায় কাউকে কোথাও বাধা দেওয়া হচ্ছে না। ‘লেভেল প্লেয়িং’ কথাটা একটা স্লোগান হয়ে গেছে। যে যার মতো বলছে।
সেখান থেকে তিনি রাজধানীর গুলশান পার্কে যান। সেখানে গুলশান হেলথ ক্লাব আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে মঞ্চে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১১টার দিকে তিনি উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে যান। এ সময় ঢাকা-১৮ আসনের সাংসদ সাহারা খাতুন আনিসুল হকের পক্ষে ভোট চান। এ সময় সাহারা খাতুন বলেন, ‘আমরা উনার জন্য আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছিলেন অনেক ভোট দিয়ে, তার চেয়েও বেশি ভোট দিয়ে আমরা ইনশা আল্লাহ আনিসুল হককে ঘড়ি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করব।’
বেলা দুইটার দিকে মহাখালীর ট্রাস্ট মিলনায়তনে টেলিভিশন ও চলচ্চিত্রশিল্পীদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যান আনিসুল হক। সেখানে উপস্থিত অতিথিদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে নিজের জন্য ভোট চান। বিকেলে বনানী মাঠে একটি কনসার্টে ও গুলশানের ওয়ান্ডারল্যান্ড ক্লাব মাঠে যাওয়ার কথা রয়েছে তাঁর।
জেআই





