মৃত্যুদণ্ড কার্যকরের আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাতে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে আর সময় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এক অনুষ্ঠান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, “ম্যাজিস্ট্রেট আজ গিয়েছিলেন, তার (কামারুজ্জামান) সঙ্গে কথা বলেছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
কামারুজ্জামান প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “তাকে আর সময় দেওয়া হচ্ছে না।”
এর পরপরই তিনি দ্রুত শিল্পকলা একাডেমীর অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এদিকে সন্ধ্যা থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল ফটকের সামনে নেওয়া হয়েছে দুই স্তরের নিরাপত্তা।
জেআই





