বাসার সামনে থেকে গত ১৬ ফেব্রুয়ারি রাতে ছাত্রশিবির রাজশাহী মহানগরী সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী মারুফুল ইসলাম ও সমাজসেবা সম্পাদক আমীন মুলহীনকে গ্রেফতারের পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তাদেরকে আদালতে হাজির না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, কোন কারণ ছাড়াই রাতে বাসার সামনে থেকে তাদের আটক করে পুলিশ। তাদের গ্রেফতারের খবর তাৎক্ষণিকভাবে পুলিশের স্বীকার করে এবং তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। পুলিশ গণমাধ্যমকে এও জানায়, রাতে তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কিন্তু নিয়ম থাকার পরও ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তাদের আদালতে হাজির করা হয়নি। পুলিশের এই বেআইনি আচরণের কারণে তাদের জন্য আইনি প্রক্রিয়া গ্রহণ করা যাচ্ছে না।
শিবির নেতারা বলেন, গ্রেফতারের কথা স্বীকার করার পরও তাদের এখন পর্যন্ত আদালতে হাজির না করায় নানা আশঙ্কার জন্ম দিয়েছে। অন্যায়ভাবে নিরাপরাধ ছাত্রদের গ্রেফতার করে আদালতে হাজির না করা বাংলাদেশের প্রচলিত আইনের চরম লঙ্ঘন।
নেৃতৃবন্দ বলেন, একটি বিশেষ গোষ্ঠির ইশারায় ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানের মত রাজশাহীতেও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কথিত বন্দুকযুদ্ধের নামে নিরাপরাধ মেধাবী ছাত্রদের হত্যা করেছে। অনেকের পায়ে ঠান্ডা মাথায় গুলি চালিয়ে পঙ্গু করে দিয়েছে। যা আমাদের উদ্ধেগকে আরও বাড়িয়ে দিয়েছে। সংগত কারণেই তাদের পরিবারের সাথে সাথে আমরাও গ্রেফতারকৃতদের জীবন নিয়ে শঙ্কিত।
তারা অবিলম্বে গ্রেফতারকৃতদের ব্যাপারে আইনি প্রক্রিয়া অনুসরণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
জেএ





