স্বাধীন বাংলাদেশে কয়েকটি বিদেশী গোয়েন্দা সংস্থা কাজ করছে এমন ইস্যুতে সরব দেশীয় রাজনীতি। এই সরব অবস্থার মধ্যে পেরেশানিতে রয়েছে বিএনপি। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ রয়েছে ফুরফুরে অবস্থানে।
গোয়েন্দা ষড়যন্ত্রের কারণে গ্রেফতার হওয়া বিএনপি’র যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এবং যায় যায় দিন সম্পাদক শফিক রেহমান এই পেরেশানীর মূল কারণ।শফিক রেহমান দলীয় পদে ছিল না, কিন্তু আসলাম চৌধুরী দলীয় পদে থাকায় বিএনপি’র রাজনৈতিক পেরেশানী অনেকটা বেশি।
বৃহস্পতিবার (২৬মে)শাহবাগ থানায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ায় পেরেশানী আরো বেড়ে গিয়েছে। কারণ আওয়ামী লীগ নেতারা বরাবরই দাবি করছে শফিক রেহমান এবং আসলাম চৌধুরীকে রিমান্ডে নিলে বিএনপি’র আর কোন কোন নেতা বিদেশী গোয়েন্দা সংস্থার সাথে মিলে ষড়যন্ত্র করেছে তা বের হবে।
বিদেশী গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আলোচনায় রয়েছে, পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই ), ভারতের রিসার্চ এন্ড এনালাইসিস উইং (রো), ইসরায়েলের মোসাদ (এটি হিব্রু ভাষা যার ইংরেজি পূর্ণনাম 'ইন্সটিটিউট ফর ইন্টিলিজেন্স এণ্ড স্পেশাল অপেরেশনস')। এছাড়া চীনা গোয়েন্দা সংস্থা সক্রিয় রয়েছে বলেও কিছুটা আলোচনা হচ্ছে।
বিদেশী গোয়েন্দা সংস্থা বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি, বিএনপি সরকার উৎখাতের জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে মিলে ষড়যন্ত্র করছে।
এদিকে বিএনপি’র দাবি, ভারত তার সমর্থিত সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য দেশটির গোয়েন্দা সংস্থা রো সক্রিয়ভাবে কাজ করছে এবং বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।গোয়েন্দা ষড়যন্ত্রের বিষয়টি সরকারের সাজানো নাটক।
গত ১৮ই মে, লন্ডনে এক আলোচনায় সরকার উৎখাতে মোসাদের ষড়যন্ত্র বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাদের (মোসাদ) সাথে হাত মিলাচ্ছে? যারা ফিলিস্তিনের নারী-শিশু খুন করে, তাদের সাথে হাত মিলাচ্ছে, শুধু আমাকে সরানোর জন্য তারা এতো দূর গেছে।বিএনপি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এই চক্রান্তকারী, খুনি, ষড়যন্ত্রকারী, আজকে বাংলাদেশের বিরুদ্ধে, এমনকি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে।
১৯ মে রাজধানীর বিএমএ মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সকল চক্রান্তে ব্যর্থ হয়ে খালেদা এখন মোসাদ ধরেছে। তাই তো বলি জানা নাই শোনা নাই আসলাম সাহেব যুগ্ম-মহাসচিব হয়ে গেল।মোসাদ ধরার জন্যই কি তাকে যুগ্ম-মহাসচিব করা হয়েছে। তাকে রিমান্ডে নিলে বিএনপি’র আর কোন কোন নেতা জড়িত তাও বের হবে।
ষড়যন্ত্রের কথা প্রত্যাখ্যান করে পাল্টা জবাবে ২০মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, আমরা গোয়েন্দাদের হ্যান্ডেল করেছি, এভাবে সেমিনার করে মুক্ত আকাশের নিচে ফটো তুলে গোয়েন্দারা কাজ করে বলে আমি জানি না।আর আসলামের সাথে মেন্দি সাফাদির তোলা ছবি ভারতের গোয়েন্দা সংস্থা ‘রো’ বাংলাদেশ সরকারকে সরবরাহ করেছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, ভারতকে বর্তমান সরকারের একমাত্র ‘নির্ভরযোগ্য সমর্থক’, তাদের মাটিতে এরকম উৎখাতের ষড়যন্ত্র হলো, বাংলাদেশ সরকার ভারতকে জিজ্ঞাসা করে না কেন? কেন কূটনৈতিক প্রতিবাদ হলো না?
২৫মে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, খালেদা জিয়া রাজনৈতিকভাবে হাবুডুবু খাচ্ছে, সেজন্য সারা বিশ্বে সন্ত্রাস সৃষ্টিকারী মোসাদকে নিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া।
২১মে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী যে কেবল ভারতের বিভিন্ন শহরে ইসরায়েলি এজেন্টের সাথে বৈঠক করেছেন তা নয়; তিনি বিএনপি’র হাই কমাণ্ডের নির্দেশে বিশেষ ব্যবস্থায় ইসরাইলে সফর করেছেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসোদের সঙ্গে বৈঠক করেছেন বলেও দাবি করেন তিনি।
ভারত সমর্থিত সরকারকে উৎখাত করার জন্য ভারতের মাটিতে ষড়যন্ত্র হচ্ছে এ কথা বাংলার মানুষ বিশ্বাস করবে না বলে দাবি করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ১৭মে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এক সমাবেশে তিনি এ কথা বলে। তিনি আরো বলেন, এটা বর্তমান সরকারের একটি চক্রান্ত।
১৭ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় শেখ ফজলুল করিম সেলিম যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের গণতন্ত্র আটলান্টিকের ওপারে, এপারে আপনারা গণতন্ত্র মানেন না, তাহলে আপনারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করতেন না এবং বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিতেন না। আমাদের দেশের অভ্যন্তরীন বিষয়ে নাক গলানোর চেষ্টা করবেন না, বরদাশত করা হবে না।
১৬মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, শেখ হাসিনার সরকারকে উৎখাতে বিএনপি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে নিয়ে ষড়যন্ত্র করছে। এজন্যই আসলাম চৌধুরীকে যুগ্ম-মহাসচিব বানানো হয়েছে। বিএনপি মনে করেছিল, ইসরায়েলকে দিয়ে সরকার পতনে তার ব্যাপক ভূমিকা থাকবে।
১২ই মে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক কামরাঙ্গীরচরে ঢাকা উত্তর-দক্ষিণের সভাপতি সেক্রেটারিদের সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন, বিএনপি-জামায়াত পাকিস্তানের আইএসআই,, ইসরায়েলের মোসাদ যাকে দিয়েই দেশী-বিদেশী ষড়যন্ত্র করুক না কেনো তাতে কোনোভাবেই সফল হবে না।
১৭মে এক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, “আমরা প্যালেস্টাইনের মুক্তিযুদ্ধ ও তাদের সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করে এসেছি। নবী করীম (সা.) বলেছেন, এই নাসারা ইহুদিদের বিশ্বাস কর না। বিএনপিও ওদের বিশ্বাস করে না। যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, এটা ওদেরই তৈরি ষড়যন্ত্র।”
ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ২০১৪ সালে ওই দেশটিতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপি’র এমন দাবিতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, জন গোমেজকে প্রত্যাহার করা হল, তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তারপরও জন গোমেজ আড়াই বছর ধরে কী করে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকেন, এটা আমার জিজ্ঞাসা।
বাংলাদেশে কিভাবে আইএসআই , রো ও মোসাদ এর মতো ভয়নঙ্কর বিদেশী গোয়েন্দা সংস্থা কাজ করছে? এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইউরোপের দেশে অনেক নিরাপত্তা থাকলেও সেখানে বড় বড় সন্ত্রাসী ও জঙ্গী হামলার ঘটনা ঘটেছে। বিন্তু বাংলাদেশে তা ঘটেনি। আমি বলতে চাই দেশে সকল বিদেশী গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র বা কাজ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, যথা সময়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। যেমন: বিএনপি নেতা আসলামকে গ্রেফতার করেছি। তাই এ নিয়ে আমাদের চিন্তার কোন কারণ নেই। আর আইএস’র বিষয়ে তিনি বলেন, দেশে আইএস’র সাংগঠনিক কোন কাঠামো নেই।
ইআর /কেবি





