বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন রোববার কাউন্সিলদের নিয়ে অনুষ্ঠিত রুদ্ধদার অধিবেশনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার এক প্রস্তাবকে সরাসরি “না” বলে বাতিল করে দিয়েছেন উপস্থিত কাউন্সিলররা।
সূত্র জানায়, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিলরদের নিয়ে রুদ্ধদার অধিবেশনে শেখ হাসিনা বলেন, তিনি সক্রিয় থাকতেই দলে নতুন নেতৃত্ব দেখতে চান। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে তিনি দলকে আরো শক্তিশালী করতে চান।
শেখ হাসিনার এমন বক্তব্যে উপস্থিত দলীয় কাউন্সিলররা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা একযোগে চিৎকার দিয়ে ওঠেন “না” “না” বলেন।
বৈঠকে উপস্থিত সূত্রে আরো জানা যায়, অনেকেই এ সময় চিৎকার দিয়ে বলেন, যতদিন আপা আছেন আমরা তাকেই নেতা হিসেবে দেখতে চাই।
উপস্থিত কাউন্সিলরদের অনেকেই পরে বলেন, এখনও তারা শেখ হাসিনার বিকল্প হিসেবে আওয়ামী লীগকে নেতৃত্ব দেয়ার মতো কাউকে চিন্তাই করতে পারেন না।
দলের কাউন্সিলরদের এমন আস্থা ও ভক্তি দেখে শেখ হাসিনাও এ সময় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি সবার প্রতি তার কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আগামী নির্বাচনে জনগণের রায় পেতে সবাইকে একযোগে কাজ করারও আহবান জানান।
কেবি





