প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আগামী রোববার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে খালেদা জিয়া এই ইফতার পার্টি রেখেছেন।
বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনেতিক কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ সময় দলের সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাংসদ মৃনাল কান্তি ও সহদপ্তর সম্পাদক আবদুল মজিদ কার্ডটি গ্রহন করেন।
পরে রিপন সাংবাদিকদের বলেন, “প্রতিবছরের মতো দেশের অন্যতম বৃহৎ দল বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সন্মানে এবারো ইফতার পার্টি দেবেন। দেশের অন্য আরেকটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা আওয়ামী লীগের সভানেত্রীকে আমন্ত্রণ জানাতে আমরা এসেছি। এটা শুধু দাওয়াত দেয়ার জন্য আসা নয়, উনার আগমন প্রত্যাশা করি বলেই বিএনপির মুখপাত্র হিসেবে আমি ম্যাডামের আমন্ত্রণ কার্ড নিয়ে এসেছি।
“আমরা আশা করি, এরকম সামাজিক অনুষ্ঠানে রাজনীতিবিদদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা জনগণের কাছে যাবে।”
এর মধ্য দিয়ে রাজনীতিতে সম্প্রীতি আরও এক ধাপ এগোবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের সবচেয়ে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে দীর্ঘদিন মুখোমুখি সাক্ষাৎ বা কথাবার্তা না হলেও ঈদে শুভেচ্ছা কার্ড ও রোজার সময়ে পরস্পরকে ইফতারের আমন্ত্রন জানিয়ে থাকেন তারা।
এএইচ





