একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনীত গণফোরাম নেতা মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ নিয়ে তিনি বলেছেন, গণফোরাম এবং দলের প্রধান ড. কামাল হোসেনের সিদ্ধান্তেই শপথ নিয়েছি।
মোকাব্বির আরও বলেন, আমার প্রধান লক্ষ্য বঙ্গবন্ধুর আদর্শ ও মূল্যবোধকে ধরে এগিয়ে যাওয়া। বঙ্গবন্ধুর রাজনীতি যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাব।
আজ (০২ এপ্রিল) মঙ্গলবার সংসদ ভবনে শপথ নেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি। এর আগে দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বিরকে শপথবাক্য পাঠ করান।
সংসদ সদস্য হিসেবে শপথ নিতে দলীয় প্যাডে স্পিকারের কাছে আবেদন করেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির আহমেদ খান। আবেদনের পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় মঙ্গলবার দুপুর ১২টায় তার শপথ নেয়া হয়।
শপথ নেয়ার সিদ্ধান্ত কেমন করে এলো? জানতে চাইলে মোকাব্বির বলেন, “এর আগে ৭ মার্চ আমার শপথ নেয়ার কথা ছিল। কিন্তু আমার দলের প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হলো যে ৭ মার্চ শপথ না নিয়ে অন্য যে কোনো দিন আমি যেন শপথ নিই। সেদিন দলের যে প্যাডে যে প্রক্রিয়ায় আমি স্পিকারকে চিঠি দিয়েছিলাম সেই একই প্রক্রিয়া অনুসরণ করে এবারও প্রেসিডিয়ামের সিদ্ধান্ত নিয়ে সংসদে যোগদান করেছি।”
সংসদে তার ভূমিকা কি হবে? এমন প্রশ্নে মোকাব্বির বলেন, সংসদে আমি শতভাগ বিরোধী দলের ভূমিকা নেব। জনগণের কথা বলব। গণফোরামের যে বক্তব্য সেগুলো তুলে ধরব। দেশের জনগণের চিন্তাভাবনা আমার মুখ থেকে যেন সবাই শুনতে পায় সেই হিসেবে কাজ করব।
মোকাব্বির সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ায় এবং শপথের অনুমতি দেয়ায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
গণফোরাম নেতা মোকাব্বির বলেন, “আমার প্রধান কাজ হবে, মূল লক্ষ্য হবে সেই বঙ্গবন্ধুর আদর্শ ও মূল্যবোধকে ধরে এগিয়ে যাওয়া। বঙ্গবন্ধুর রাজনীতি যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাব। তখনই মনে হবে আমার রাজনীতি সার্থক, আমার দলের রাজনীতি সার্থক।”
এমবি





