রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ৫ থেকে ৭ সেপ্টেম্বর সুন্দরবন অভিমুখে যাত্রার কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

সোমবার রাজধানীর উদীচী সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতি কর্মীদের সমন্বয়ের এক সভায় তিনি এ ঘোষণা দেন।

আনু মুহাম্মদ বলেন, ‘আগামী ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে এ যাত্রা শুরু হবে ‘
তিনি আরও বলেন, ‘সুন্দরবন রক্ষায় এ অভিযাত্রায় সারা দেশের জাতীয় ও আঞ্চলিক প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

একই সময় সকল অঞ্চলে সুন্দরবনধ্বংসী তৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদী গান-নাটক আয়োজনের মধ্য দিয়ে সুন্দরবন রক্ষায় এক সাংস্কৃতিক জাগরণ তৈরি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান, প্রকৌশলী কল্লোল মোস্তফা, উদীচী শিল্পী গোষ্ঠীর প্রবীর সরদার, অমিত রঞ্জন দে, বিবর্তন সাংস্কৃতিক গোষ্ঠীর মফিজুর রহমান লালটু, আমিরুন নূজহাত মনীষা, সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের অমল আকাশ, বীথি ঘোষ।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই