স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে ভাবার জন্য আরো সময় দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে কামারুজ্জামান ম্যাজিস্ট্রেটকে কোনো সিদ্ধান্ত দেননি। তিনি ভাববার জন্য আরো একটু সময় চেয়েছেন। সেটি তাকে দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, সময় তাকে বেশি দেয়া হবে না। ম্যাজিস্ট্রেটরা তাকে দ্রুত সিদ্ধান্ত জানাতে বলেছেন।
উল্লেখ্য, এর আগে মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে কারাগারে বেলা ১১ টা ৪০ মিনিটে দেখা করেছেন দুইজন ম্যাজিস্ট্রেট। কারাগার থেকে বের হেয়ে আসার সময় সাংবাদিকরা ম্যাজিস্ট্রেটের কাছে কামারুজ্জামানের প্রাণভিক্ষার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তারা কোনো জবাব না দিয়েই গাড়ি নিয়ে চলে যান।
এর কিছুক্ষণ পর কারাফটকে সিনিয়র জেল সুপার ফরমান আলীর কাছে প্রাণভিক্ষার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনিও কোনো মন্তব্য না করে চলে যান।
এসএইচ





