হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
রোববার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা মেট্রোপলিটন চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের এই তথ্য জানান।
বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে আবদুর রব বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে অসুস্থ খালেদা জিয়াকে দ্রুত দেখতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামী ২২ অক্টোবর বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণশোকসমাবেশের প্রস্তুতি নেয়া হয়েছে এবং আবরার হত্যার বিচারের দাবিতে দেশে-বিদেশে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হবে। ওয়েবসাইটে এগুলো সংগ্রহ করা হবে।
কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, জহির উদ্দিন স্বপন, গণফোরামের ড. রেজা কিবরিয়া, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোশতাক আহমেদ, নাগরিক ঐক্যের মমিনুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের নুরুল আমিন ব্যাপারী, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির আব্দুল মালেক রতন, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থতি ছিলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে অনুমতির জন্য আজই ঐক্যফ্রন্টের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদনপত্র পাঠানো হয়েছে। তিনি বলেন, আগামী দু-একদিনের মধ্যেই এবিষয়ে আলাপ করতে আ স ম আবদুর রব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎপ্রার্থীদের তালিকা দেবেন।
এমবি





