বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই লতিফ সিদ্দিকীকে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবার চাল চেলেছেন।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক কর্মজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মহানবী (সা.), পবিত্র হজ্ব ও তাবলীগ নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জাতীয়তাবাদী কর্মজীবীদল এ সমাবেশের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, জনগণকে এতো বোকা ভাবার কোনো কারণ নেই। জনগণের লক্ষ্য একটাই। অবৈধ সরকারের পতন ঘটানো। এ লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছে জনগণ। আপনি যত খেলাই খেলেন না কেন তাতে কোনো লাভ হবে না।

 খন্দকার মাহবুব হোসেন বলেন, অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী ১৮০ জনের বিশাল বহর নিয়ে যে উদ্দেশ্যে সফর করছেন তা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তার অবৈধ সরকারের পক্ষে বিশ্বের কোনো দেশের কাছ থেকে সমর্থন আদায় করতে পারেননি। এ বিষয়টিকে জনগণের দৃষ্টির আড়াল করতে আব্দুল লতিফ সিদ্দিকীকে দিয়ে দাবার চাল চেলেছেন। যাতে করে জনগণ মূল বিষয় থেকে সরে এসে লতিফ সিদ্দিকীর এ বক্তব্য নিয়ে ব্যস্ত থাকে।

তিনি বলেন, সংবিধানে স্পষ্ট বলা হয়েছে যেকোনো সময় যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করাতে পারেন প্রধানমন্ত্রী অথবা পদচ্যুত করতে পারেন। কিন্তু এ বিষয়টি নিয়ে এখনও বলা হচ্ছে যে প্রক্রিয়াধীন আছে। জনগণের সঙ্গে এ ছলচাতুরি বাদ দিন। ধর্মপ্রাণ মানুষের ধর্মানুভূতিতে আঘাত করেছেন তার প্রতিঘাত পেতেই হবে।

জাতীয়তাবাদী কর্মজীবী সভাপতি হাজী মোহাম্মাদ লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরকার, অধ্যাপক আকন্দ কুদ্দুস, মাওলানা সৈয়দ আহমেদ প্রমুখ।

ঢাকা, এমএইচ, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম