বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধ-হরতালে সন্ত্রাসের বিরুদ্ধে, শান্তির সপক্ষে রাজধানীসহ সারা দেশে আগামী ২০ ফেব্রুয়ারি গণমিছিল করবে ১৪ দল।

রোববার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুস সাত্তার, ড. আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, গণআজাদী লীগের এস কে শিকদার, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায় প্রমুখ।

১৪ দলের মুখপাত্র এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে কেন্দ্রীয় ১৪ দলের একটি গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি এভিনিউ থেকে শুরু হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে এবং সেখানে শপথ গ্রহণ করা হবে। ওইদিন একই সময়ে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে সব বিভাগীয় শহর, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে এই গণমিছিল অনুষ্ঠিত হবে।

এই গণমিছিল সফল করার লক্ষ্যে আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রাজধানীতে সভাপতির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এরপর ২৩ ফেব্রুয়ারি রাজশাহীর কাঁটাখালীতে ১৪ দলের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সফল করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, সাংস্কৃতিক, পেশাজীবীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিও আহ্বান জানান ১৪ দলের নেতারা।

এএইচ