বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দা্বি করেছেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় কারা জড়িত তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন।
মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দলীয় জোট আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, নারায়ণগঞ্জের ঘটনার সাথে কারা জড়িত। আওয়ামী লীগ সভানেত্রী সব জানেন। এ ঘটনার সঙ্গে তার যোগসূত্র রয়েছে। র্যাবের এক শীর্ষ কর্মকর্তা এ ঘটনার সঙ্গে জড়িত বলে খবর বেরিয়েছে। তিনি কিভাবে পদে থাকেন। তাকে ধরলেই সব বেরিয়ে যাবে, তাই তাকে ধরা হচ্ছে না।
তিনি আরও বলেন, এ সরকার অনির্বাচিত সরকার, অবৈধ সরকার।
খালেদা জিয়া বলেন, ‘এ সরকার নিজেরাই সংবিধান লঙ্ঘন করে চলেছে। যার জন্য আজ দেশের আজ এ দুরাবস্থা। আইনশৃঙ্খলার চরম অবনতি। প্রতিদিন খুন গুম রাহাজানি হচ্ছে।’
আপনারা দেখেছেন, ‘এ সরকার কিভাবে র্যাবকে অন্যায় অত্যাচারের কাজে ব্যবহার করেছে।’
তিনি বলেন, ‘র্যাব আমরা গঠন করেছিলাম সন্ত্রাস দমনের জন্য। সন্ত্রাস দমনও করেছিলাম। কিন্তু তাদের দিয়ে এ সরকার মানুষ ধরে নিয়ে হত্যা করে। এখনও পর্যন্ত আমাদের দলের ৩১০ জনকে হত্যা করেছে, ৩৬ জনকে গুম করেছে।’
তিনি এ সময় জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা ভোট দিয়েছিলেন কি দেননি?’ জনগণ এ সময় ‘না’, ‘না’ বলে জবাব দেন।
খালেদা জিয়া এ সময় বলেন, ‘তাহলে কি করে এই অনির্বাচিত সরকার সংসদে বসে থাকে। তারা কিভাবে লম্বা লম্বা কথা বলে আর আইন পাস করে।’
মঙ্গলবার বিকেল ৪টা ৪৩ মিনিটে মঞ্চে উপস্থিত হয়ে নিজের আসন গ্রহণ করেন খালেদা জিয়া। বক্তব্য রাখা শুরু করেন বিকেল সোয়া ৫টায় ।
জনসভার সভাপতিত্ব করছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম।
খালেদার আগমন উপলক্ষ্যে সাড়া পড়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহ স্থানীয় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মাঝে।
কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশের মূল ভেন্যু নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এবং এর আশপাশের এলাকা।
খালেদার আগমন উপলক্ষ্যে সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা এবং আশ-পাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছেন নেতাকর্মীরা। সমাবেশস্থলের আশ-পাশের সড়ক ও অলি-গলিতে তোড়ন, ব্যানার, ফেস্টুন ও বেলুন উড়িয়ে খালেদা জিয়ার আগমনকে স্বাগত জানান নেতাকর্মীরা।
এছাড়া ঢাকার সায়েদাবাদ থেকে রূপগঞ্জ পর্যন্ত খালেদা জিয়ার যাত্রাপথে প্রিয় নেত্রী স্বাগত জানাতে মহাসড়কের দুই ধারে রং-বেরংয়ের ব্যানার ও ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার নেতাকর্মী। স্লোগানে-স্লোগানে ও ফুলের পাপড়ি ছিটিয়ে তারা স্বাগত জানান খালেদা জিয়াকে।
সন্ধ্যা ছয়টায় জনসভা শেষে স্থানীয় সার্কিট হাউজে বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া।
ঢাকা, ২৩সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





