জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বাংলাদেশে এখন বেকারের সংখ্যা ‘৫ কোটি’ ছাড়িয়ে গেলেও কাজের ক্ষেত্র সেভাবে ‘বাড়ছে না’।

জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার বিকালে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতির সমাবেশে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, “দেশে বেকার যুবকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে প্রায় ১৭ লাখ। কিন্তু কাজের ক্ষেত্র বাড়ছে না। ফলে হতাশাগ্রস্ত হয়ে যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে।

“মাদকের টাকা যোগাড় করতে বেকার যুবকরা অনৈতিক ও অসামাজিক এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।”

সরকারি উদ্যোগে আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন কর্মকাণ্ড থাকলেও তা ‘প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়’ বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি বলেন, “দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করতে যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থান করতে হবে।”

শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর জন্য বড় প্রকল্প শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মাসুদা এম রশীদ, নাজমা আক্তার।

আগামী ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের আগে তাদের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ ও যুব সংহতির কাউন্সিল অনুষ্ঠানের কথা বললেও এ বিষয়ে এখন আর কোনো সাড়া-শব্দ নেই।

দুটি সংগঠনের কাউন্সিল কবে হবে, সে বিষয়ে কথা বলতে রাজি হননি দলটির কেন্দ্রীয় নেতারা।

এএইচ