একাদশ জাতীয় সংসদে বিএনপির জন্যে নির্ধারিত একটি সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ (২১ মে) মঙ্গলবার সকালে মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেম।
আবুল কাসেম জানান, যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না পাওয়ায় মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। তবে তাকে এমপি হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
এরআগে সোমবার (২০) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং অফিসার ইসির যুগ্ম-সচিব আবুল কাসেমের কাছে ব্যারিস্টার রুমিন ফারহানা তার মনোনয়নপত্র জমা দেন।
পেশায় আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তার বাবা অলি আহাদ একজন ভাষা সৈনিক ও বিশিষ্ট রাজনীতিবিদ।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ মে। মনোনয়নপত্র বাছাই করা হবে ২১ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মে। এ বিষয়ে ভোট গ্রহণ করা হবে ১৬ জুন।
চলতি সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন এবং স্বতন্ত্র ১ জন রয়েছেন।
এমবি





