বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেছেন, উপজেলা নির্বাচনে ফলাফল নিজেদের অধীনে নিতে সরকার ক্ষমতার সর্বাত্মক অপব্যবহার করেছে। নির্বাচন কমিশনকেও তারা নিজেদের মতো ব্যবহার করেছে।
রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপি দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেয় নি। কিন্তু উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার কথা বলেনি। উপজেলা নির্বাচনে সরকার পরিবর্তন হয় না। কিন্তু এরপরও সরকার যেভাবে জোরজবরদস্তি করে ফলাফল ছিনিয়ে নিয়েছে, এতে প্রমান হয়েছে ৫ জানুয়ারি নির্বাচনেও একই পরিস্থিতির সৃষ্টি হতো।’
তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই। স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও মানবাধিকার নেই। লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে মামলা দেয়া হচ্ছে।’
সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, দেলোয়ার হোসেনের মেয়ে ডা. খন্দকার দেলোয়ারা পান্না, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// জেআই[/b]