‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংবর্ধনায় যোগ দিতে রমনায় ইঞ্জিনিয়ারস ইনষ্টিটিউট মিলনায়তনে পৌছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বেগম জিয়া অনুষ্ঠানস্থলে পৌছান। বেলা ৩টা থেকেই সংবর্ধনার কার্যক্রম শুরু হয়। 
উল্লেখ্য, ওই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হিসেবেও সংবর্ধনা পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই অনুষ্ঠানে তার সঙ্গে আরও ৬ জনকে সংবর্ধনা দেবে সংগঠনটি। তারা হচ্ছেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (মরণোত্তর), ল্যান্স নায়েক আবুল হাসেম (বীর বিক্রম), ক্যাপ্টেন আবদুল হাই (বীর বিক্রম), মুক্তিযুদ্ধের সময়ে বিবিসিতে (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) কর্মরত সাংবাদিক সিরাজুর রহমান, মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নেওয়া নারী মুক্তিযোদ্ধা আলম তাজ বেগম ছবি এবং মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (বর্তমানে রিকশাচালক)।
তবে সংবর্ধনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাজ বেগম ছবি ও নুরুল ইসলামকে ক্রেস্ট দেওয়ার পাশাপাশি আর্থিকভাবে সহায়তাও করা হবে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত টাইম নিউজকে বলেন, মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা অনুষ্ঠানটি আরো বড় করে করার পরিকল্পনা ছিল। মুক্তিযুদ্ধকালীন যেসব বিদেশি ও প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন, তাদেরও সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সময় ও সুযোগের স্বল্পতার কারণে তা করা সম্ভব হয়নি। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে এ অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, এরআগে ২০ মার্চ বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরে তা আরো এক সপ্তাহ পিছিয়ে ২৭ মার্চ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]