বিএনপিকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সন্ত্রাসীদের প্রার্থী করবেন আর লেভেল প্লেয়িং ফিল্ড চাইবেন সেই স্বপ্ন কোনদিনও পুরণ হবে না। সমান সুযোগ চাইলে ভালো মানুষ প্রার্থী দেন। সন্ত্রাসীদের দিলে সমান সুযোগ সম্ভব না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মেয়র মো. হানিফের ৭১ তম জন্ম বার্ষিকীর আলোচনা সভার তিনি একথা বলেন।

কামরুল বলেন, সিটি নির্বাচনের মাধ্যমে বিএনপি একটি সম্মান জনক এক্সিটের সুযোগ পেয়েছে। তারা যে পেট্রোল বোমায় সাধারণ মানুষ মেরেছে, সন্ত্রাস করেছে তার থেকে বের হওয়ার এটাই সুযোগ।

নির্বাচন কমিশনে বিএনপির ৮ দাবির সমালোচনা করে তিনি বলেন, জেলখানার কোন আসামীকে জামিন দেয়ার এখতিয়ার সরকারের নেই। জেলখানায় অবস্থানরত সন্ত্রাসীদের ছেড়ে দিতে হবে। এ যেন মামার বাড়ির আবদার। জেলখানার আসামিদের জামিন দেয়ার ক্ষমতা হাইকোর্টের। এখানে সরকার কোন হস্তক্ষেপ করবে না। আইন সকলের জন্য সমান।

আলোচনা সভায় অংশ নিয়ে সিটি নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, নাচতে না পারলে উঠানের দোষ। বিএনিপর অবস্থা সেই রকম হয়েছে। এখন আর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করা সম্ভব না। তা করতে হলে আচারণ বিধি পরিবর্তন করতে হবে ।

তিনি বলেন, এখন যে আচরণ-বিধি আছে তাতে বিএনপির চেয়ারপারসনও ইচ্ছা করলে প্রচারণায় অংশ নিতে পারে। মন্ত্রীরা প্রটোকল বাদ দিয়ে প্রচারণায় অংশ নিতে পারবেন, তা ছাড়া সম্ভব না।

তিনি আরও বলেন, একদিকে বিএনপির বড় নেতারা অংশ নিতে পারবে। অন্যদিকে আমাদের কোন মন্ত্রী বা বড় নেতা অংশ নিতে পারবে না। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হয়না।

সংগঠনের সহ-সভাপতি ড. এনামুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের উপ- কমিটির সহ-সম্পাদক অ্যাভোকেট বলরাম পোদ্দার, সাবেক কৃষকলীগ নেতা এম এ করিম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

এমআর/ইআর