প্রধান নির্বাচন কমিশন কাজী রকিবউদ্দীন আহমদকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জনগণের কাছে আর কত ধিকৃত হবেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছুটা হলেও ভূমিকা রাখুন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনাদের শেষ সুযোগ। আপনাদের যথেষ্ট সাংবিধানিক ক্ষমতা আছে। দয়া করে সেটা প্রয়োগ করুন। আর সেটি করতে না পারলে জনগণ আপনাদের ক্ষমা করবে না- জনতার আদালতে আপনাদের বিচার হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকার উন্নয়ন প্রকল্পের নামে বাণিজ্য করে দলের কিছু লোকের ভাগ্যের উন্নয়ন করছে বলেও মন্তব্য করেন এই আইনজীবী নেতা।
খন্দকার মাহবুব বলেন, ফখরুদ্দীন আহমদ ও মঈনউদ্দীনের করুণায় ক্ষমতায় আসা এই সরকার দুর্নীতি আর লুটপাট করে সারা দেশের মানুষকে আজ আতঙ্কিত করে তুলেছে।বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা উধাও হয়ে গেল, পৃথিবীর কোথাও এটা হয়নি।
২০২৪ সালের নির্বাচনেও আ.লীগ ক্ষমতায় আসবে বলে স্বাস্থ্যমন্ত্রীর দেয়া বক্তব্যবের প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, আপনারা চিরদিন ক্ষমতায় থাকুন তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের এবং দেশের জনগণকে একটু শান্তিতে থাকতে দিন।
ইউপি নির্বাচনে সরকারের নিরপেক্ষতা ও ইসির সক্ষমতা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল।
এসটি





