‘অবৈধ’ সরকারকে ক্ষমতার মসনদ থেকে বিদায় করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও জোটনেতা খালেদা জিয়া।

বুধবার রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ আহবান জানান । রাজনীতিক, বুদ্ধিজীবী, পেশাজীবী ও সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

খালেদা বলেন, দেশের অবস্থা খুবই নাজুক। মানুষ অতিকষ্টে জীবন-যাপন করছে। ঠিক মতো খেয়ে-দেয়ে রোযা পালন করতে পারছে না। সেহরি-ইফতার করতেও কষ্ট করছে। সরকার অর্থনীতি ধ্বংস করে জীবন-জীবিকা স্থবির করে দিয়েছে।

তিনি বলেন, সরকার দেশকে একেবারে শেষ করে দিয়েছে। ব্যাংক লুটপাট ‍আর খুন-গুম ছাড়া দেশের মানুষকে তারা কিছুই দিতে পারেনি। খুন-রাহাজানি-ছিনতাই নিত্যকার ঘটনা হয়ে পড়েছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই, মানুষ এখন একেবারে অসহায়। জনগণ এই অত্যাচারী জালিম সরকারের হাত থেকে বাঁচতে চায়।

বিএনপি চেয়ারপারসন বলেন, দেশকে এই ভয়াবহ অবস্থা থেকে রক্ষা করতে হবে। এজন্য দলমতের ঊর্ধ্বে ওঠে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশরক্ষায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ২০ দলীয় জোট ঐক্যবদ্ধ আছে, দেশবাসীকেও ঐক্যবদ্ধ হতে হবে। যারা দেশের সর্বনাশ করছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

ঈদের পর সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে খালেদা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি অভিযোগ করেন, সরকারের সঙ্গে জনগণ নেই। তারা পুলিশ-র্যা ব দিয়ে খুন-খারাবি করে ক্ষমতায় টিকে আছে। কিন্তু এভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

তিনি আরও অভিযোগ করেন, টাকার বিনিময়ে র্যা বকে দিয়ে খুন-গুম করানো হচ্ছে এটা দেশের মানুষ জানে।

তিনি অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবি জানিয়ে বলেন, দেশে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনতে কাজ করুন। ‍আমরা সকলেই দেশের জন্য কাজ করতে চাই। ৯৫ ভাগ জনগণ আমাদের পক্ষে আছে সেটা ৫ জানুয়ারির নির্বাচনে স্পষ্ট প্রমাণ হয়েছে।

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক), জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনপিপি সভাপতি শেখ শওকত হোসেন নিলু, হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, ইসলামিক পাটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোবিন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান, এনডিপির গোলাম মর্তুজা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মোর্শেদ খান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, শওকত মাহমুদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন-কবি আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুব উল্লাহ, সাদেক খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রহমান, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, রুহুল আমিন গাজী, ডিইউজে সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাংবাদিক এম আব্দুল্লাহ, ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

জামায়াত নেতাদের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম, আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সরকার, অধ্যক্ষ জায়নুল আবেদীন, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মঞ্জুরুল ইসলাম ভুইয়া, মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

২০ দলীয় জোটের শরিকদের মধ্যে বাংলাদেশ ন্যাপ’র মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহদীসহ জোটের শীর্ষ নেতারা ইফতার মাহফিলে যোগ দেন।

জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান ইফতার মাহফিলের স্বাগত ভাষণে বলেন, যাদের এ অনুষ্ঠানের সামনের সারিতে বসার কথা ছিল, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, সরকার তাদেরকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। গুম-খুন অপহরণে নিত্য অভ্যস্ত তারা। শুধু জামায়াত বা ২০ দলীয় জোটের নেতারাই নয়, শিশু-কিশোর-আবাল-বৃদ্ধ কেউই এই সরকারের হাত থেকে রক্ষা পাচ্ছে না।

সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই