স্বাস্থ্য খাতকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, চিকিৎসকদের কাজের মাধ্যমে মানুষের মন জোগাতে হবে। সবাইকে সহনশীল হতে হবে। কোথাও গণ্ডোগোল করতে দেওয়া যাবে না।
মোহাম্মদ নাসিম বলেন, যারা ক্ষমতায় যেতে পারেননি, তারা এ সরকারকে বেকায়দায় ফেলতে সচেষ্ট। তাদের সুযোগ করে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষ চিকিৎসকদের অনেক সম্মান করেন। তাই স্বজন মারা গেলে হয়তো আবেগ ধরে রাখতে পারেন না। আর চিকিৎসকদের ওপর নির্যাতন এটি শুধু বাংলাদেশে ঘটেনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য খাতে অনাকাঙ্খিত পরিস্থিতি জনগণ থেকে আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছে। সরকারকে বিপদে ফেলতে অনেকেই স্বাস্থ্যখাতকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে,।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও স্বাচিপের সভাপতি রুহুল হক বলেন, চিকিৎসকরা অন্য পেশার মতো সেবা বন্ধ করে রাস্তায় নামতে পারেন না। চিকিৎসকদের ব্যবহার না করে যেন কোনো অব্যবস্থাপনা তৈরি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]