সিটি নির্বাচনে ২০ দল সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলায় অন্তত ১০জন আহত হয়েছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের সমর্থক ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়।
হামলাকারীরা হ্যান্ড মাইক, ব্যানার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নগর ছাত্রদল কর্মী আরিফ, পেয়ার ও সাখাওয়াত হয়েছেন।
হামলার শিকার ছাত্রদল কর্মীরা জানান, মেয়র প্রার্থী মনজুর আলমের সমর্থনে নগরীর খুলশী থানার বিভিন্ন এলাকায় প্রচারণা চালায় ছাত্রদল। পলিকেটনিক্যাল কলেজ এলাকা অতিক্রম করার সময় অতর্কিতভাবে ৬০ থেকে ৭০ জন ছাত্রলীগ কর্মী তাদের উপর হামলা করে।
এসময় সন্ত্রাসীরা প্রচারণার কাজে নিয়োজিত গাড়ি থেকে মেয়র প্রার্থী মনজুর আলমের ব্যানার, লিফলেট ছিনিয়ে নিয়ে অগ্নিসংযোগ করে। একপর্যায়ে আরিফ, সাখাওয়াত ও পেয়ারকে ছুরিকাঘাত করে।
এদিকে নগরীর লালখান বাজার বাঘঘোনা এলাকায় মঙ্গলবার সকালে মেয়র প্রার্থী মনজুর আলমের সমর্থনে প্রচার কাজে নিয়োজিত মহিলা দলের সদস্যদের মারধর করে। এসময় বেশ কয়েকজন নারী কর্মীকে লাঞ্চিত করে তাদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল, লিফলেট ছিনিয়ে নেয় অভিযোগ করা হয়েছে।
গত ১১ এপ্রিল পলিকেটনিক-বায়েজিদ এলাকার ছাত্রলীগ-যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা মনজুর আলমের নির্বাচনী কার্যালয় ভাংচুর ও হামলা চালিয়ে সাবেক হুইপ বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমসহ নেতা-কর্মীদের আহত করে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দিয়েছিল। নির্বাচন কমিশন কার্যকর কোন ব্যবস্থা না নেওয়ায় সেখানে প্রচারণা চালাতে পারছেন বলে মঙ্গলবার বিকালে রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ করেছিল। এর এক ঘন্টার ব্যবধানে ফের হামলার ঘটনা ঘটলো।
কেএইচ





