বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের নিরাপত্তা চেয়ে করা সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেনি পুলিশ।
রাজধানীর চকবাজার থানায় বুধবার দুপুর সাড়ে ১২টায় খালেদা জিয়ার পক্ষে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া এ জিডি করতে যান।
এ সময় আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, জসিম উদ্দিন ও আমিনুল ইসলাম।
এ্যাডভোকেট জাকির বলেন, ‘গত ২৪ ডিসেম্বর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মামলায় হাজিরা দিতে আসার পথে আওয়ামী সন্ত্রাসীরা তার গাড়িবহরে হামলা চালায়। সেদিন অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হন।’
জাকির আরও বলেন, ‘আগামী ৭ জানুয়ারি ওই আদালতে আবারও হাজিরা রয়েছে খালেদা জিয়ার। আমরা তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সেজন্য আমি বাদী হয়ে এ সাধারণ ডায়েরি করেছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক এ ডায়েরি নিয়েছেন। তিনি জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন।’
তবে জিডিতে কোন নাম্বার অথবা দায়িত্বে থাকা কারো স্বাক্ষর বা সিল দেয়নি পুলিশ।
এএইচ





