যুদ্ধপরাধী দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর আপিল বিভাগের রায়ে জনগণের ও ১৪ দলের আশাপূর্ণ হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ১৪ দল আশা করেছিল সাঈদীর মৃত্যুদণ্ডের রায় বহাল থাকাবে। তবে উচ্চ আদালত যে রায় দিয়েছে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই।
বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
‘অনেকে বলছে সরকার যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে জামায়াতের সঙ্গে আঁতাত করেছে’ সাংবাদিদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায়ে সরকার কোন আঁতাত করেনি। এই বিচার বাংলাদেশের জন্য একটি বড় চলেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছেন।
ইতোমধ্যে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এই রায় কার্যকর করার ক্ষেত্রে বিদেশী অনেক রাষ্ট্র সরকারের ওপর চাপ দিয়েছিল। তা সত্যেও শেখ হাসিনা ধীর চিত্তে এ রায় কার্যকর করেছেন। বাকিদের ও বিচার চলছে এবং সম্পন্ন করা হবে।
তিনি বলেন, যারা জামায়াতের সঙ্গে সরকারের আঁতাতের কথা বলছে তারা জ্ঞানপাপী ছাড়া কিছুই নয়।
‘সাঈদীর আমৃত্যু কারাদণ্ড দেয়ার পর দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির সহিংসতা করেছে এবং হরতাল ডেকেছে’ এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘৃনীত জামায়াত-শিবিরের হরতাল জনগণ অতীতেও প্রত্যাখান করেছেন, এখনও করবেন। তবে কোন ধরনের নাশকতা করার চেষ্টা করলে প্রসাশন ব্যবস্থা নিবে। এ ক্ষেত্রে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া ৭২-এর সংবিধান। শেখ হাসিনা '৭২ এর সংবিধানের ফিরে যাওয়ার যে কথা দিয়েছিলেন। আমরা আস্তে আস্তে পরিপূর্ণভাবে '৭২ এর সংবিধানে ফিরে যাওয়া লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যেই আজ জাতীয় সংসদে বিচারপতিদের অপসারণের বিলটি পাশ হতে যাচ্ছে। এতে ১৪ দলের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হোসেন বাদশাহ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূহ রহমান সেলিম প্রমুখ।
ঢাকা, এমআর, ১৭ সেপ্টেম্বর. টাইমনিউজবিডি.কম, এআর





