ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন দুর্নীতির টাকায় হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহের স্মরণে এ আলোচনা সভা হয়। এতে প্রয়াত হান্নান শাহের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নোমান।
আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে বিএনপির এ নেতা বলেন, এতো বড় সম্মেলন, এতো জৌলুস সৃষ্টির সম্মেলন। বিশাল গেট করেছে, কোটি কোটি টাকা খরচ করছে। এ সভার যে হিসাব তা লক্ষ নয়, কোটি কোটি টাকার ব্যাপার। এ টাকাটা কোথায় থেকে আসছে, সেটা আমরা কেউ জানি না!
ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, এ সম্মেলন নিয়ে জনগণের কাছে কীভাবে প্রতিপাদ্য হচ্ছে- সেটা একবার যদি জরিপ করে দেখেন, তাহলে বুঝবেন জনগনের কী প্রতিক্রিয়া।
নোমানের দাবি, সম্মেলনের গেটটা দেখেই মানুষজন বলে, হায়রে আমাদের টাকায় এ সম্মেলনটা হচ্ছে, দুর্নীতির টাকায় এ সম্মেলনটা হচ্ছে। এটা মানুষের মনের কথা। এটা জোর করে আওয়ামী লীগ সরাতে পারবে না।
আওয়ামী লীগের সম্মেলনের সাফল্য কামনা করে তিনি বলেন, এ সম্মেলনে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে জনগনের যে আশা-আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নে উদ্যোগ থাকুক- এটা আমরা চাই।
গত ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির কাউন্সিল প্রসঙ্গে নোমান বলেন, আমাদের ওই সম্মেলন অনুষ্ঠানের তিন দিন আগেও কোথায় হবে আমরা আমাদের কাউন্সিলরদের বলতে পারিনি। শেষ পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে সম্মেলন করতে দেয়া হলো। অথচ আওয়ামী লীগের সম্মেলন ১৫ দিন আগ থেকে আয়োজন চলছে।
এসময় আগামী ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে চায় এরকম আগ্রহের কথা প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা সম্মেলন করছেন, আমাদের করতে দেননি। এর জন্য আমি তীব্র প্রতিবাদ করছি। সামনে ৭ নভেম্বর রয়েছে। এ দিবসটি বিএনপি পালন করতে চায়।
যদি অনুমতি না দেয়া হয়, তাহলে আমরা আন্দোলনী শক্তি দিয়ে সেটা আদায় করবো। আমাদের নেত্রী কর্মসূচি দেবেন। এ কর্মসূচির ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নোমান বলেন, আমাদের দেশের দারিদ্র্য বিমোচনে এগিয়ে গেছে- এ প্রশংসা করে গেছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। সঙ্গে সঙ্গে তিনি এটাও বলে গেছেন, এ দারিদ্র্য বিমোচন চলমান রাখতে হলে দুর্নীতি সমস্যার সমাধান করতে হবে। দুর্নীতির ব্যাপারে তাদের অবস্থান একটুও হেরফের হয়নি।
আয়োজক সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমানের সভাপতিত্বে জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমীন, ফোরকান-ই আলম, সুরঞ্জন ঘোষ, ওসমান আলী, ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এসএম





