গুম খুনের জবাব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী)।

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বি চৌধুরী বলেন, র‌্যাবকে দোষারোপ করে কোনো লাভ নেই। তারা হুকুম তামিল করে। এর জন্য দায়ী সরকার। এর জবাব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দিতে হবে।

গতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে দ্রুত সময়ের মধ্যে গুম খুনের বিচার করা হবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ-র‌্যাব সরকারেরই অংশ। সুতরাং তারা যদি গুম, খুনের সঙ্গে সম্পৃক্ত থাকে তার দায় সরকারকেই নিতে হবে।

র‌্যাবের বিলুপ্তি দাবি করে বি. চৌধুরী বলেন, একদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবেই। জনগণের সরকারকে গুম, খুনের বিচার করতে বাধ্য হবেন। দ্রুত সময়ের মধ্যে আমরা বাধ্য করব।



তিনি বলেন, ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী দেখা করেছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী আশ্বাস দিলেও ইলিয়াস আলীর সন্ধানে তার আন্তরিকতা দেখা যায়নি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলছেন, ‘আমার অবস্থান আমি জানি’। এ কথার মাধ্যমে বুঝা যায় তিনি ভয়ে আছেন।

৫ জানুয়ারি নিবার্চন প্রসঙ্গে তিনি বলেন, কোনো ভোটার ভোট কেন্দ্রে যায়নি। ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হয়েছেন। এ অগণতান্ত্রিক সরকারের কাছে আর কি আশা করা যায়। এই সরকার শুধু অগতান্ত্রিকই নয়, তারা গণতন্ত্র বিরোধী।

স্বজন হারাদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে আপনাদের সঙ্গে আমিও মর্মাহত। এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে জাতীয় ও সরকারি কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে গুম, খুনের বিচার করা হবে।

সংগঠনের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমীন গাজীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সাবেক প্রধান নিবার্চন কমিশনার বিচারপ্রতি আব্দুর রউফ, পেশাজীবী নেতা শওকত মাহমুদ, এম এ আজীজ, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক এ এম আজীজ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ড. এম শামছুল আলম, এবি এম মোশাররফ হোসেন প্রমুখ।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই