সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা প্রতিরোধে দু’টি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে কমিটির প্রধান করে ১৫ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি। কমিটি দুটির একটি হচ্ছে সড়ক পরিবহনে শৃঙ্খলা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি।  অপরটি হলো সড়ক পরিবহন আইন বাস্তবায়ন কমিটি।

আজ (১৭ ফেব্রুয়ারি) রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভায় কমিটি দুটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, সাবেক প্রতিমন্ত্রী ও পরিবহন নেতা মসিউর রহমান রাঙ্গা, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীসহ বাস-ট্রাক ও কাভার্ডভ্যান মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ।

বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “দুটি কমিটিকেই আগামী ১৪ কার্যদিবসের মধ্যে সুপারিশ প্রতিবেদন জমা দিতে হবে। এর মধ্যে সড়ক পরিবহনে শৃঙ্খলা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি সুপারিশ করবে কীভাবে সড়কে শৃঙ্খলা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা যায়। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে আমরা পর্যালোচনা করে কার্যকর ব্যবস্থা নেব।”

তিনি জানান, দুটি কমিটির একটি হচ্ছে, ১৫ সদস্যের সড়ক পরিবহনে শৃঙ্খলা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি, যার প্রধান করা হয়েছে সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানকে।

এই কমিটির অন্য সদস্যরা হলেন, সড়ক পরিবহন নেতা মশিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবুর মকসুদ, ইলিয়াস কাঞ্চন, খন্দকার এনায়েত, ওসমান গনি, ট্রাক-কার্ভাড ভ্যান মালিক ও শ্রমিকদের একজন করে দু’জন প্রতিনিধি, বিআরটিএ, ডিআইজি হাইওয়ে, ডিআইজি অপারেশন, এআরআই- বুয়েট, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি ও সড়ক পরিবহন মন্ত্রণালয় প্রতিনিধি।

তিন সদস্যদের অন্যটি হলো সড়ক পরিবহন আইন বাস্তবায়ন কমিটি। এই কমিটির সদস্যরা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এমবি